চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ; শয্যা সংকট হাসপাতালে

হামের প্রকোপ চাঁপাইনবাবগঞ্জে
হামের প্রকোপ চাঁপাইনবাবগঞ্জে | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে দেখা দিয়েছে হামের প্রকোপ। বিশেষ করে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকায় শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আশঙ্কাজনক হারে। হাসপাতালে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শত শত শিশুকে।

হাসপাতালের প্রতিটি জায়গায় শিশুদের কান্নার আওয়াজ আর স্বজনদের চোখে মুখে উদ্বেগের ছাপ। চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই যেন জেঁকে বসেছে সংক্রামক ব্যাধি ‘হাম’। গত এক সপ্তাহেই কয়েকশ শিশুর শরীরে মিলেছে এ ভাইরাসের উপস্থিতি। যাদের বেশিরভাগেরই বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। মূলত পূর্ণাঙ্গ টিকা না নেয়া শিশুদের মধ্যে দেখা দিয়েছে সংক্রমণের ঝুঁকি।

চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তিল ধারণের জায়গা নেই ওয়ার্ডগুলোতে। বাধ্য হয়েই নোংরা মেঝেতে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকরা। আছে অব্যবস্থাপনার অভিযোগও। হাসপাতালে বেড নেই, তার ওপরে ওয়ার্ডের ভিতরে ময়লার আবর্জনার কথা বলছেন রোগীর স্বজনরা।

আরও পড়ুন:

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ রুখতে আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখা এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি বলেও জানান তারা। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপের দাবি জেলা স্বাস্থ্য বিভাগের।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের কনসালট্যান্ট মাহফুজ রায়হান বলেন, ‘পুরো একটি আইসিইউ ওয়ার্ডকে আইসোলেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। যদিও তার ধারণ ক্ষমতা ২০ জনের, কিন্তু সেখানে বর্তমানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় ৫০ থেকে ৮০ জন।’

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ‘২ বছরের যত বাচ্চা ভ্যাকসিন পায়নি তাদের সবাইকে দেয়া হচ্ছে।’

জেলায় গেল তিন মাসে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ শিশু। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ শতাধিক মানুষ। বর্তমানে চিকিৎসাধীন আরও ৭০ জন। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপই পারে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে।

জেআর