এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত হয়েছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য

প্রতিমন্ত্রী অনিন্দ্য চেক তুলে দিচ্ছেন
প্রতিমন্ত্রী অনিন্দ্য চেক তুলে দিচ্ছেন | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার। এখন ৯০ দিনের চাহিদা যাতে সবসময় রাখা যায় সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) দুপুরে যশোরে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালীন চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

আরও পড়ুন:

এসময় সেখানে অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। প্রতিদিন জ্বালানি খাতে ১০৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।’

এফএস