জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

বৈঠকে প্রধানমন্ত্রী
বৈঠকে প্রধানমন্ত্রী | ছবি: প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং দিনজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন।

এছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে রেশম শিল্পের আধুনিকায়ন সংক্রান্ত করণীয় নির্ধারণে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন:

দিনের শেষভাগে বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হবে। সাধারণত বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা এগিয়ে আনা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেও দপ্তরে এসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। টানা দুই দিন সকাল ৯টায় তার উপস্থিতিতে সচিবালয়ের কার্যক্রমে ফিরে এসেছে পূর্ণ কর্মচাঞ্চল্য।

এফএস