গত ১৮ জানুয়ারি, আফকনের ফাইনালে সেনেগাল অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়েছিলো মরক্কোকে। পুরো দেশজুড়ে শুরু হয় উদযাপন। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ঘটে বিতর্ক। রেফারি পেনাল্টি দিলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে যায় সেনেগাল দল। পরে সাদিও মানের হস্তক্ষেপে তারা মাঠে ফিরলেও, এ ঘটনাই হয়ে দাঁড়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন:
ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে দেয়া এক বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয় সেনেগাল দল। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচ আবার শুরু হলেও, পরিস্থিতি ছিল উত্তপ্ত। দর্শকদের মাঠে ঢোকার চেষ্টা, খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি সব মিলিয়ে বিশৃঙ্খল ছিল পুরো ফাইনাল।
আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচটি ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে দেয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ম্যাচ চলাকালে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলো যা নিয়ম ভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। নতুন সিদ্ধান্তে সেই জয় বাতিল হলো। এর আগে এ ঘটনায় জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছিল ‘কাফ’। তবে এবার সরাসরি শিরোপাই বদলে দেয়া হলো।
এদিকে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারে সেনেগাল। ফলে, বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। নাটকীয় এ ঘটনার দিকে এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।





