বন উজাড় ও অবৈধ পাথর উত্তোলনে হুমকিতে আলিকদমের পাহাড়-নদী

আলিকদমের পাহাড়
আলিকদমের পাহাড় | ছবি: এখন টিভি
1

দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বান্দরবানের আলিকদম। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা সর্পিল মাতামুহুরী নদী, দিগন্তজোড়া মেঘের খেলা, ডিম পাহাড় ও জলপ্রপাতের আকর্ষণে প্রতিদিনই এখানে ভিড় জমান শত শত পর্যটক। কিন্তু এই নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে ধীরে ধীরে জমছে এক গভীর উদ্বেগ। বন উজাড় ও অবৈধ পাথর উত্তোলনের কারণে ঝুঁকির মুখে পড়েছে আলিকদমের পাহাড়, নদী ও প্রাকৃতিক পরিবেশ।

স্থানীয়দের ভাষ্য, আলিকদমের সংরক্ষিত বনাঞ্চল একসময় ছিল বন্য হাতির অন্যতম অভয়াশ্রম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত বসতি স্থাপন এবং ইটভাটার জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটায় মাইলের পর মাইল বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। এতে খাদ্য ও আশ্রয় হারিয়ে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। বিশেষ করে বুনো হাতির দল প্রায়ই জনবসতিতে হানা দিচ্ছে, ফলে প্রতি বছরই মানুষের জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

আলিকদমের নদী |ছবি: এখন টিভি

অন্যদিকে, পাহাড়ি এলাকার প্রাণ হিসেবে পরিচিত ঝিড়ি বা ছোট ঝর্নাগুলোও আজ বিলীনের পথে। স্থানীয়দের অভিযোগ, আলিকদমের বিভিন্ন দুর্গম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। পাহাড়ের ভিত্তি শক্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ এসব পাথর সরিয়ে নেয়ায় ঝিড়ির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এতে পাহাড়ের অভ্যন্তরীণ কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং সামান্য বৃষ্টিতেই ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

এছাড়া পাহাড়ের গাছ কাটা ও মাটি অপসারণের ফলে বৃষ্টির পানিতে আলগা মাটি ধুয়ে সরাসরি মাতামুহুরী নদীতে গিয়ে পড়ছে। এতে নদীতে পলি জমে পানিপ্রবাহের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এর প্রভাব পড়ছে কৃষিতেও; ভারসাম্য হারাচ্ছে পাহাড়ি আবাদি জমি।

আরও পড়ুন:

পরিবেশবিদদের মতে, দ্রুত অবৈধ পাথর উত্তোলন ও বন উজাড় বন্ধ করা না গেলে আলিকদমের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে পর্যটন ও কৃষি খাতও।

আলিকদমের একটি জলাশয় |ছবি: এখন টিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী বলেন, ‘আলিকদমসহ সমগ্র পাহাড়ি অঞ্চল আমাদের জন্য এক স্বর্গীয় লীলাভূমি। কিন্তু প্রশাসনিক দুর্বলতা এবং প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার অভাবে এই অঞ্চল দিন দিন হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বনাঞ্চল ও প্রাণিকূল হারিয়ে যাওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।’

আলিকদমের পাহাড় |ছবি: এখন টিভি

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘পাহাড়ে গাছ কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যাতে পাহাড় কাটতে বা পাথর উত্তোলন করতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগের সঙ্গে সমন্বয় করে বনায়ন কার্যক্রমও চালানো হচ্ছে।’

তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দৃশ্যমান ও কঠোর পদক্ষেপের অভাবে পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। আলিকদমের পাহাড় ও নদী রক্ষায় অবিলম্বে অবৈধ পাথর উত্তোলন ও বন উজাড় বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

এনএইচ