ঈদে নৌপথে ঘরমুখো যাত্রা, কেবিন টিকিটের চাহিদা তুঙ্গে

লঞ্চ টার্মিনাল
লঞ্চ টার্মিনাল | ছবি: এখন টিভি
0

ঈদে ঘরমুখো নৌপথের যাত্রীদের জন্য লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। এতে ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে খুশি যাত্রীরা। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, ঈদে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চগুলোর প্রায় শতভাগ টিকিট এরই মধ্যে বুকিং হয়ে গেছে। এদিকে, নৌপথে ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পদ্মা সেতু চালুর পর ঢাকা–বরিশাল নৌ পথের জৌলুশ কমেছে। বিলাসবহুল অনেক লঞ্চ থাকলেও কমেছে যাত্রী চাপ।

তবে ঈদসহ যে কোনো উৎসবে চাহিদা বাড়ে লঞ্চ কেবিনের। তাই এবারও ঢাকা–বরিশাল নৌ পথের লঞ্চ কেবিনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। বুকিং শুরুর দুই দিনের মধ্যেই প্রায় শতভাগ কেবিন বুকিং হয়েছে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ। এছাড়া ঈদের ছুটি শেষে বেশ কয়েকটি লঞ্চের প্রায় ৭০ ভাগ কেবিন বুকিং হয়েছে বলেও জানান তারা।

সুন্দরবন নেভিগনেশনের ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘টিকিট ১৬ তারিখেরগুলো সেল হয়ে গেছে। ১৮ তারিখের টিকিটও সেল হয়ে গেছে। ১৯ তরিখের কিছু টিকিট বাকি আছে।’

সড়ক পথের চেয়ে নৌ পথ আরামদায়ক হওয়ায় অনেকেই ভিড় করছেন লঞ্চের কাউন্টারগুলোতে। ঈদের ৮-১০ দিন আগেই কেবিনের টিকেট অগ্রিম বুকিং চালু করায় ভোগান্তি কমেছে বলে জানান যাত্রীরা।

আরও পড়ুন:

যাত্রীরা জানান, ভিড়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে নিরিবিলিভাবে যাওয়া যায় লঞ্চে। টিকিটগুলো পাওয়া যাচ্ছে বলে সন্তুষ্ট যাত্রীরা।

নৌ পথে ঈদ যাত্রা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। যাত্রী চাপ বাড়লে লঞ্চের সংখ্যা বাড়িয়ে স্পেশাল ট্রিপ দেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

বরিশাল বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘বরিশাল-ঢাকা নৌরুটে আমাদের ১৬টি লঞ্চ রয়েছে। সেই লঞ্চগুলো প্রস্তুত রয়েছে। লঞ্চগুলো দিয়ে যেন যাত্রীরা বাড়ি ফিরতে পারে সেজন্য বিআইডব্লিউটিএ সদা প্রস্তুত রয়েছে। প্রয়োজনে স্পেশাল কিছু সার্ভিস চালু করা হবে।’

ঢাকা–বরিশাল নৌ রুটে ঈদ উপলক্ষে ১৬টি লঞ্চ চলাচল করবে। আর অভ্যন্তরীণ রুটে প্রায় ৩০টি লঞ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এফএস