ময়মনসিংহে ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

হাসপাতালে শ্রমিকরা
হাসপাতালে শ্রমিকরা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারের ‘বিরিয়ানি’ খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ইফতারের সময় ভালুকার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কর্মরত আছেন। রমজানে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন:

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।’

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, ‘বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস