মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার অভিযোগ

হাসপাতালে জড়ো হোন নিহতের স্বজনেরা
হাসপাতালে জড়ো হোন নিহতের স্বজনেরা | ছবি: এখন টিভি
0

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। নিহত আলমগীর হাওলাদার (৫০) মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের বাসিন্দা।

আরও পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে আজ সকাল সাড়ে ৭টার দিকে হাসান মুন্সীর পক্ষের লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। এসময় আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কব্জি কেটে ফেলে হামলাকারীরা। পরে তাকে বেধড়কভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। এসময় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটও করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুই পক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় মাসুদ বেপারী নামে একজনকে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ইএ