‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ৯ মার্চ) ফ্লোরিডার ডোরালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় গত ১০ দিন ধরে চলমান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবে আখ্যা দেন তিনি।

ট্রাম্প এমন এক সময়ে এ কথা বললেন, যখন ইরানের কট্টরপন্থীরা নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি আনুগত্য প্রদর্শন করছেন। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন।

আরও পড়ুন:

সংঘাত অবসানের ইঙ্গিত দিলেও ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত থাকলে দেশটিতে আরও ভয়াবহ আক্রমণ চালানো হবে।

ট্রাম্প বলেন, ‘একটি সন্ত্রাসী সরকার বিশ্বকে জিম্মি করবে এবং পৃথিবীর জ্বালানি সরবরাহ আটকে দেবে—এমনটা আমি হতে দেব না। ইরান যদি এ ধরনের কিছু করার দুঃসাহস দেখায়, তবে তারা আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ আঘাতের সম্মুখীন হবে।’

এএইচ