লেবাননে গত ৭ দিনে ৮৩ শিশু নিহত, আহত ২৫৪: ইউনিসেফ

লেবাননে ৮৩ শিশু নিহত
লেবাননে ৮৩ শিশু নিহত | ছবি: সংগৃহীত
0

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত (সোমবার, ২ মার্চ) থেকে লেবাননে অন্তত ৮৩ জন শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

আজ (সোমবার, ৯ মার্চ) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে লেবাননজুড়ে গড়ে প্রতিদিন ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে। গত ২৮ মাসে লেবাননে ৩২৯ জন শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:

সংস্থাটি আরও জানিয়েছে, এ পরিসংখ্যানগুলো স্তম্ভিত করার মতো। এটি শিশুদের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবের একটি চরম প্রমাণ। লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ফলে প্রায় ৭ লাখ মানুষ যার মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এর সঙ্গে আগে থেকেই বাস্তুচ্যুত হওয়া আরও কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছে।

ইউনিসেফ স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউনিসেফ পরিস্থিতি শান্ত করতে এবং শিশুদের আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে।

জেআর