আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় ছাত্রদল। সাক্ষাৎ শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করেন সংগঠনটির নেতারা।
ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘একজন বিতর্কিত ব্যক্তির ছবি ডাকসুর সংগ্রহশালায় টানানো হয়েছে, যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসুর ন্যূনতম কোনো সম্পর্ক নেই।’
তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ডাকসুর ঐতিহাসিক অবস্থানকে বিতর্কিত করা হয়েছে।’
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর সভাপতি দ্রুত ব্যবস্থা নিয়ে বিতর্কিত ছবিগুলো অপসারণ না করলে কর্মসূচি দিতে বাধ্য হবো।’
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রদল গণতান্ত্রিকভাবে সেগুলো মোকাবিলার চেষ্টা করেছে।’ তবে এসময় একটি বিশেষ গোষ্ঠীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাখোশ হয়েছেন বলে দাবি করেন তিনি।
ডাকসু ভবনের সংগ্রহশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে গণেশ চন্দ্র রায় বলেন, ‘সেখানে ‘‘বিতর্কিত’’ দুজন ব্যক্তির ছবি টানানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নৈতিকভাবে স্খলনজনিত এবং ছাত্রদল তা মেনে নেবে না।’
এ কারণে ডাকসুর সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছবিগুলো দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা এরই মধ্যে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছবি দুটি সরানো না হলে উপাচার্যের কার্যালয় ও ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এর আগে, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনটি অবিলম্বে জিন্নাহর ছবি সরিয়ে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানিয়েছে।





