গতকাল (শনিবার, ৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে সন্ধ্যায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
মোহনপুর থানার পুলিশ জানায়, ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





