এ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই দ্বিতীয় ওভারে উইল জ্যাকসের শেষ বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান অভিষেক শর্মা।
এরপরের ওভারেই ইংলিশদের সহজ সুযোগ দিয়েছিলেন সানজু। সহজ ক্যাচ লুফে নিলে তৃতীয় ওভারে মাত্র ১৫ রানেই প্যাভিলিয়নে ফিরতে হতো সানজুকে। হ্যারি ব্রুকের করা সেই ভুলের খেসারত শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই দিতে হয়েছে ইংল্যান্ডকে।
পরে অবশ্য ভারতকে আর সেভাবে ব্যাটিংয়ে ভুগতে হয়নি। কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়লেও সানজু স্যামসন ও ইশান কিশানের দারুণ ব্যাটিংয়ে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে নেয় ভারত। ইনিংসের মাঝপথে দশম ওভারে আদিল রশিদের বলে আউট হয়ে ব্যক্তিগত ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে ফিরে যান ইশান। তার ক্যাচটি নেন জ্যাকস।
তবে শুরুতেই জীবন পাওয়া সেই সানজু তোলেন ৮৯ রানের সংগ্রহ। ফেরেন ইনিংসের ১৪তম ওভারে। এবারেও আঘাত হানেন ইংলিশ বোলার উইল জ্যাকস ও ক্যাচ তালুবন্দি করেন প্রথম ক্যাচ নেয়া সল্ট। ততক্ষণে মাত্র ১৩ ওভার ১ বলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান।
আরও পড়ুন:
এর পরই শিভাম দুবের ঝড়ো ৪৩ রানের ইনিংস, শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ ও তিলাক ভার্মার ৭ বলে ২১ রানে ভর করে ৭ উইকেটে হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট পান আদিল রশিদ ও উইল জ্যাকস। ১টি উইকেট পান জোফরা আর্চার।
ভারতের দেয়া ২৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুর ৮ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে একপাশ আগলে রেখে চাপ সামলে ব্যাট চালাতে থাকেন ৪ নম্বরে ব্যাট করতে নামা বেথেল জ্যাকব। শেষ পর্যন্ত লড়াই করে ইনিংসের ২০তম ওভারে মাত্র ৪৮ বলে ১০৫ রান সংগ্রহ করে থামেন তিনি।
শুরুর দিকে বাটলার কিছুটা আশা জাগালেও ব্যক্তিগত ২৫ রানে ফিরতে হয় তাকে। এরপর লড়াই করতে কিছুটা চেষ্টা করেন অপর ব্যাটাররা। জ্যাকসের ৩৫, স্যাম কুরানের ১৮ ও টিম ব্যান্টনের ১৭ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে আর্চার খানিকটা চমক দেখিয়ে মাত্র ৪ বলে ৩ ছয়ে তোলেন ১৯ রান।
তবে এ ক্যামিও দিয়েও বিশাল রান তাড়া করে ভারতের থেকে জয় ছিনিয়ে নেয়া সম্ভব হয়নি। ৭ রানে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন হার্দিক। বাকিদের মধ্যে দুবে কোনো উইকেট না পেলেও অন্য বোলাররা একটি করে উইকেট শিকার করেছেন।
ম্যাচজয়ী ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সানজু স্যামসন। এর আগে, প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগে থেকেই ফাইনালে অপেক্ষা করছে নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি আগামী ৮ মার্চ ভারতের অ্যাহেমদাবাদে অনুষ্ঠিত হবে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।





