সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখনো উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
রিট আবেদনে বলা হয়, লুট হওয়া বিপুল অস্ত্র অবৈধভাবে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার দায় রাষ্ট্রের, এই যুক্তি তুলে ধরে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।





