এএফসি এশিয়ান কাপে চীনের কাছে হারলেও মাঠের খেলায় নজর কেড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ঋতুপর্ণা-মনিকাদের অদম্য মানসিকতা সবার প্রশংসা কুড়াচ্ছে। দারুণ এ ম্যাচের পরদিনই বাফুফে ভবনে সংবাদকর্মীদের মুখোমুখি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
চীনের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ কিরণ। নারী দলের প্রস্তুতি নিয়ে আফসোস থাকলেও ভালো করার রহস্য জানান তিনি।
নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘না আমাদের কোনো কিছু আছে, না আমরা প্রপার ওয়েতে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি অথচ আমরা প্রতিযোগিতা করবো কাদের সাথে? জাপান, কোরিয়া, চায়না যাদের বছরের বাজেট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আর আমাদের কোটি টাকাই নেই। তাহলে আমরা কিভাবে করবো বলেন? তারপরেও আমরা যেটুকু করে যাচ্ছি আমি সবসময় বলি এটা হচ্ছে মিরাকেল। শুধুমাত্র আমাদের ডেডিকেশন, ভালোবাসা আর কনফিডেন্সের জন্য আমরা এখানে এসেছি।’
আরও পড়ুন:
অবশ্য এখনই আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ কিরণ। বরং পরবর্তী ম্যাচগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান।
মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের মেইন কম্পিটিশনটা হবে নর্থ কোরিয়ার সাথে ৬ তারিখ। সেখানে অনেক বেশি টাম্পটিং হবে নর্থ কোরিয়া, চায়নার থেকেও বেশি।’
এশিয়ান কাপে খেলাকে নিজেদের সেরা সাফল্য মানছেন মাহফুজা আক্তার কিরণ। ভবিষ্যতে আরও সাফল্যের জন্য এখনই ছক কষছেন নারী উইংয়ের চেয়ারম্যান।
নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘মেয়েদের প্রতিনিয়ত প্র্যাকটিসের ভেতরে রাখতে হবে। ভালো ম্যাচের ভেতরে অনেক স্ট্রং টিমের সাথে খেলতে হবে, অনেক ফ্রিকোয়েন্ট খেলতে হবে। এটা যখন আমরা কন্টিনিউ করতে থাকবো তখন আমরা নেক্সট এশিয়া কাপেও কোয়ালিফাই করবো। তখন আমরা টার্গেট করবো আমরা জিতবো, আমরা বিশ্বকাপে যাবো, আমরা অলিম্পিকে যাবো।’
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী দল।





