‘মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়’

মন্ত্রী শেখ রবিউল আলম
মন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
1

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেলভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, ‘যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে।’

রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ‘বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে- কলমে।’

আরও পড়ুন:

রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এখন যেসব ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্পসময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে।’

মন্ত্রীর তথ্যমতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।

এসএস