সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

আরামকো তেল শোধনাগার
আরামকো তেল শোধনাগার | ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
0

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন। হামলার ফলে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় স্থাপনায় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।

রিফাইনারিতে শোধন ইউনিট, বড় সংরক্ষণ ট্যাংক এবং পাইপলাইনের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। তাই বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা চালু রয়েছে।

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরার গুরুত্ব অপরিসীম। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

এএইচ