প্রধানমন্ত্রীর অগ্রাধিকার গণপরিবহনে শৃঙ্খলা; ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা

গণপরিবহনের ছবি
গণপরিবহনের ছবি | ছবি: সংগৃহীত
0

ঢাকার গণপরিবহনে দ্রুত শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক জানিয়েছেন, ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাসভিত্তিক গণপরিবহন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। আজ (সোমবার, ২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সমন্বিত পরিবহন ব্যবস্থার ওপর জোর

অধ্যাপক শামসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে বসবাসের অভিজ্ঞতা থেকে গণপরিবহন সমস্যাকে গভীরভাবে উপলব্ধি করেছেন। সরকার গঠনের আগেই এ বিষয়ে তার আগ্রহ ছিল।’

তিনি জানান, প্রধানমন্ত্রী মনে করেন, জনগণের জন্য জনবান্ধব ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা, গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি তিনি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন:

শামসুল হক বলেন, ‘শুধু মেট্রোরেল নয়; মনোরেল, লাইট রেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও সাধারণ বাস—সব মিলিয়ে একটি সমন্বিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তোলার চিন্তা রয়েছে।’

ঢাকার পশ্চিম ও পূর্ব প্রান্ত—বাসাবো, গোরান, মাদারটেক ও পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মেট্রোর বিকল্প বা পরিপূরক ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

নারীদের জন্য বিশেষ উদ্যোগ

প্রাথমিক পর্যায়ে নারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিবহন চালুর পরিকল্পনা রয়েছে। অধ্যাপক শামসুল হক বলেন, ‘নারীদের পরিচালিত বাস চালুর বিষয়েও আলোচনা হয়েছে।’

আরও পড়ুন:

সবচেয়ে বড় বিষয় হলো, প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস দিয়ে এই রূপান্তর শুরু করতে চান। তার মতে, আগামী ১৫-২০ বছরের মধ্যে ডিজেলচালিত যানবাহন কমে আসবে; তাই পরিবেশবান্ধব ব্যবস্থায় এখনই রূপান্তর প্রয়োজন।

জোনভিত্তিক পাইলট প্রকল্প

গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করতে জোনভিত্তিক পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। কম বিনিয়োগে বেশি মানুষকে কভারেজ দেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

অধ্যাপক শামসুল হক বলেন, ‘ঢাকাকে রেলভিত্তিক বিকেন্দ্রীকরণের বিষয়েও প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। দ্রুতগতির ট্রেন চালু করে চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চল থেকে অফিস যাতায়াত সহজ করা গেলে ঢাকার ওপর চাপ কমবে বলে মনে করেন তিনি।’

সব মিলিয়ে, গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল করতে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

এনএইচ