মাত্র ৪ দিন আগেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালায় ইসরাইল। ওয়াশিংটন-তেহরান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার আঁচ পৌঁছেছে বৈরুতেও। তবুও অন্যান্য দেশের মুসলমানদের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রীতিনীতি মেনেই রোজা রাখছেন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশিরা জানান, সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারায় আমরা অনেক আনন্দিত। তাছাড়া পরিবারের সঙ্গে ইফতার করতে না পারার বিষয়টি কিছুটা হলেও ভুলো থাকা যায়।
সিয়াম সাধনার মাসে বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের মাঝে প্রশান্তির আবহ। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও যথাসাধ্য ইবাদত-বন্দেগিতে সময় দিচ্ছেন তারা। ইফতারের পর অংশ নিচ্ছেন তারাবিতে। শীতের শেষভাগে আবহাওয়া কিছুটা সহনীয় হওয়ায় স্বস্তি রোজাদারদের।
আরও পড়ুন:
তারা আরও জানান, সবার সঙ্গে ইফতারের সময় দেখা হয়। আর এসময় থাকে নানা আয়োজন।
বৈরুতসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি দোকানগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী-খেজুর, ছোলা, ডাল, মুড়িসহ অন্যান্য খাদ্যপণ্যের চাহিদা। ইফতারের আগে দোকানগুলোতে চোখে পড়ছে প্রবাসীদের ভিড়।
বিভিন্ন স্থানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজন হচ্ছে ইফতার ও তারাবি। এতে প্রবাসীদের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও দৃঢ় হচ্ছে।
মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা থাকলেও গত বছরের তুলনায় পরিবেশ কিছুটা শান্ত লেবাননে। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেই রমজান এনে দিচ্ছে আত্মিক প্রশান্তি ও সংযমের শিক্ষা।





