Recent event

হবিগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সংঘর্ষের প্রতীকী ছবি
সংঘর্ষের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের তহবিলের হিসাব–নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগেও গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যেখানে কমপক্ষে ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন গতকাল জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা পুনরায় চরমে ওঠে।

আরও পড়ুন:

পরিস্থিতির জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এফএস