Recent event

সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপিতে তৎপরতা; সক্রিয়দের মূল্যায়নের আশ্বাস

বিএনপির নারী কর্মী
বিএনপির নারী কর্মী | ছবি: এখন টিভি
0

সংসদে সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে বিএনপির শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন দলটির নারী নেত্রীরা। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ও যোগ্যদের মূল্যায়ন করবে দল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংসদে। দলটির ভিতরে এখন আলোচনা সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে।

ক্ষমতাসীন দলটি সংরক্ষিত আসনে নারীদের সংসদ সদস্য নির্বাচিত করার বিষয়টিকে নারীর ক্ষমতায়ন হিসেবে বিবেচনা করা হয়। তবে এ রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, বাস্তবতা হলো নারীর ক্ষমতায়ন নয় আলংকারিক পদ হিসেবেই সংরক্ষিত আসনের নারীদের বিবেচনা করা।

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, ‘কসমেটিক বা মেয়েদের ঠকানোর একটি উপায়। সংরক্ষিত আসন যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে, তাহলে আমি সেটির পক্ষে। তবে এখন যেভাবে সংরক্ষিত আসনে নারীদের নিয়ে আসবে আমি সেটির বিপক্ষে। আমি বলেছি, নারীরা পার্লামেন্টে কোনোরকম ভূমিকা রাখতে পারে না। এটি একটি লোক দেখানো ব্যবস্থা।’

যারা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আসতে চান তারাও এসব বাস্তবতা বিবেচনায় রেখেই সংসদে ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের জন্য শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ যেমন করছেন তেমনি দুঃসময়ের রাজপথের কর্মীদের মূল্যায়ন না করার চর্চা কিংবা পারিবারিকভাবে রাজনৈতিক সুবিধাভোগীদের দৌরাত্ম্য ভাবাচ্ছে নারী নেত্রীদের।

আরও পড়ুন:

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেন, ‘যোগ্যদের অবশ্যই মূল্যায়ন হবে বলে আমি মনে করি, আর এটিই হওয়া উচিত। কারণ এখন যে সুফল এটি পরিশ্রমের সুফল। এটি ধরে রাখতে না পারলে আজ আওয়ামী লিগের যে অবস্থা হয়েছে, আগামী দিনে আরেক দলের যে সে অবস্থা হবে না সেটি বলা যায় না।’

বিএনপি সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, ‘একজন মাঠের কর্মীকে অবমূল্যায়ন করে পারিবারিক কাউকে মূল্যায়ন করা হয়, তাহলে হতাশা কাজ করে। দেখা যাবে আর কেউ মাঠে কাজ করতে চাইবে না।’

ঢাকা মহানগর বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা বলেন, ‘আমাদের ওপর জেল জুলুম গেছে। আমরা আমাদের সহ-যোদ্ধা ভাইদের হারিয়েছি। তাদের গুম, খুন হতে দেখেছি। আমরা যে বিভীষিকাময় দিনের সাক্ষী নতুনরা তা দেখেনি। যারা আজ অতিথি পাখি তারা জানে না, রাজপথে আমরা প্রতিটি দিন কীভাবে পেরিয়ে এসেছি।’

তবে বিএনপির নীতি নির্ধারনী পর্যায়ের নেতা নজরুল ইসলাম খান বলছেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলো তাদের মধ্যে থেকে যোগ্যদের মূল্যায়ন করবে দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এবারই তো প্রথম না, যে বিএনপি নারী আসনে মনোনয়ন দিচ্ছে। অনেক দিন থেকেই নারী আসনে মনোনয়ন দিয়ে আসছে, এমপি নির্বাচন করছে। এ সংখ্যাও বাড়াচ্ছে বিএনপি।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলছেন, মাঠের কর্মীদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নারীদের যথাযথ মূল্যায়নের পরামর্শও তার।

দিলারা চৌধুরী বলেন, ‘দল ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র আনতে হলে নারীদের আনতে হবে সংসদে। নাতি নির্ধারণে নারীর তো থাকতে হবে। একটি নীতি বাস্তবায়নের সময় নারী পুরুষ উভয় অ্যাফেক্টেড হয়। নারী ভিন্নভাবে অ্যাফেক্টেড হয়। সুতরাং নারীর কী চিন্তা-ভাবনা, নারী কী চায় সেটি নীতি নির্ধারণে আনতে হবে।’

সংরক্ষিত আসনে নির্বাচিতদের সংসদে কার্যকর ভূমিকা পালনে নিজেদের উদ্যোগী হবার পাশাপাশি দলগুলোরও পুরুষতান্ত্রিক ভাবনা থেকে বের হয়ে আসতে হবে।

এফএস