সুদানে স্বর্ণখনি ধসে নিহত অন্তত ৬০, ধ্বংসস্তূপে আটকা বহু শ্রমিক

এক ব্যক্তির হাতের তালুতে ধরা একটি ধাতব খনিজ কাঁচামালের খণ্ড
এক ব্যক্তির হাতের তালুতে ধরা একটি ধাতব খনিজ কাঁচামালের খণ্ড | ছবি: সংগৃহীত
0

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গত রোববার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে মাটির নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় তিনটি সূত্র নিহতের এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় অধিকাররক্ষা পর্যবেক্ষণ সংস্থা কর্দোফান অবজারভেটরি জানায়, আল-নুহুদ শহর থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত ফুজা এলাকার আল-জারা খনিতে বেশ কয়েকটি সংলগ্ন খাদ একের পর এক ধসে পড়ে। এতে ৭০ জনের বেশি প্রথাগত খনিশ্রমিক নিহত বা নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মঙ্গলবার খনির ভেতর থেকে এক বেঁচে যাওয়া শ্রমিক বের হয়ে এসে জানান, এখনো অনেকে মাটির নিচে জীবিত আছেন। তবে কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। সেখানকার বেলে মাটির ভঙ্গুর গঠনের কারণে সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে স্থানীয় অধিবাসীদের পক্ষে উদ্ধারকাজ ও মরদেহ বের করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রগুলো রয়টার্সকে জানায়, দুর্গম এই এলাকায় নিরাপত্তাব্যবস্থার অভাব এবং উদ্ধার সরঞ্জাম না থাকার কারণেই নিহতের সংখ্যা এত বেশি হয়েছে।

আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। তবে দেশটির বেশির ভাগ স্বর্ণই ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্রথাগত উপায়ে উত্তোলন করা হয় এবং পরে তা পাচার হয়ে যায়। বর্তমানে পশ্চিম কর্দোফান রাজ্যটি আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে এবং এই স্বর্ণখনিগুলো তাদের আয়ের অন্যতম বড় উৎস।

এএম