আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন বলেন, ‘বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশি জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসি। ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
আরও পড়ুন:
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, বিকেল ৪টার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল নিয়ে আসার আগেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে এসেছে। তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।





