Recent event

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে সংঘর্ষ
হবিগঞ্জে সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে গরুর ঘাস খাওয়া নিয়ে ওই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়া ও মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ ৩০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন:

স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া বলেন, ‘সংঘর্ষের মূল কারণ এখনো জানতে পারিনি। তবে শুনেছি, গরুর ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় লিটন মিয়া হুমকি দেন জালাল মিয়ার গরু মাঠ থেকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবেন। এরই জের ধরে আজকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ‘গ্রামটি একেবারে দুর্গম এলাকায় অবস্থিত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএস