Recent event

ইসলামিক ফাউন্ডেশনে ‘ধর্ম ব্যবসায়ীদের’ জায়গা হবে না: ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন | ছবি: এখন টিভি
0

‘ধর্ম ব্যবসায়ীদের’ ইসলামিক ফাউন্ডেশনে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ‘ধর্ম ব্যবসা’ করতে চায়, তাদেরও জায়গা দেয়া হবে না।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘ইসলামকে মানতে হলে কুরআন ও হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এটি এমন একটি বইমেলা, যেখান থেকে বই কিনে আমরা কুরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন তা জানতে পারবো।’

তিনি বলেন, ‘আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।’

এসময় তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো— এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। এসময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।

ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করার পর মেলা এবং স্টলসমূহ ঘুরে দেখেন এ মন্ত্রী।

মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল থাকছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০ শতাংশ কমিশনে বই কেনা যাবে। তবে বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন মিলবে বলেও জানা যায়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এসএইচ