এর আগে সকালে ‘হাসপাতালের বেডে কাতরাচ্ছে পথ শিশু সিয়াম, নেই পরিবারের খোঁজ’ শিরোনামে সংবাদটি প্রকাশ হয়। বিষয়টি নাটোরের মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার মৃধার দৃষ্টিগোচর হলে তিনি সিয়ামের পরিবারকে এ বিষয়ে জানান।
এছাড়াও সিয়ামের পরিবারের খোঁজ পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান।
সিয়ামের মা শাপলা বেগম বলেন, ‘আমার তিন ছেলের মধ্যে সিয়াম বড়। বড় ছেলেকে হারিয়ে আমি পাগল হয়েছিলাম। বুকের ধন ফিরে পেয়ে অনেক ভালো লাগছে।’
আরও পড়ুন:
সিয়ামের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ছেলের সন্ধান পেয়ে আমরা খুব আনন্দিত। আমার ছেলের সুস্থতার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।’
শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘সিয়ামকে বাবা মায়ের বুকে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আহবান থাকবে সন্তানদের যেন অভিভাবকরা মানসিক চাপ প্রদান না করেন। শিশুদের চোখে চোখে রাখেন। শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। কোনো শিশুর শৈশব যেন ধুলো মাখা রাস্তায় হারিয়ে না যায়।’
এর আগে গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-উত্তরবঙ্গ রেল পথের টাঙ্গাইলের সাতুটিয়া এলাকা থেকে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ পরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘সিয়ামের এক পায়ের হাড় ভেঙে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।’





