স্থানীয়দের অভিযোগ, হাড়দ্দহা সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো।
সম্প্রতি পুকুরের পাড় গভীর করে মৎস্য ঘের তৈরির উদ্যোগ নেওয়ায় লোনাপানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে, যা সুপেয় পানির সংকট তৈরি করতে পারে বলে দাবি তাদের।
অভিযোগে বলা হয়, পুকুরের পাড়ে ব্যাপক মাটি ভরাট, কাঁটাতার ও সীমানা পিলার ভাঙচুর এবং গাছপালা কেটে ফেলা হয়েছে। ভেকু মেশিন দিয়ে পাড়ের বিভিন্ন গাছ উপড়ে ফেলারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় বসন্তপুর এলাকার সাদিকুর বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান, বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি পুকুর ও সুপেয় পানির উৎস রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





