Recent event

পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চার উন্মোচন করলো উত্তর কোরিয়া

পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম রকেট
পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম রকেট | ছবি: সংগৃহীত
0

পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী কয়েক ডজন হাইব্রিড রকেট লঞ্চার উন্মোচন করে এবার শত্রুপক্ষকে সতর্ক বার্তা দিল উত্তর কোরিয়া। এখানেই শেষ নয়, প্যারেড চলাকালে রকেট লঞ্চারের স্টিয়ারিং হুইলে দেখা গেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে। কিমের দাবি, কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এই রকেট লঞ্চার সিস্টেমের আঘাত প্রতিহত করতে পারবে না।

চলতি মাসের শেষে নবম কংগ্রেসের ডাক দিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। পিয়ংইয়ং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক আয়োজনকে সামনে রেখে ক্ষমতার প্রদর্শন আর শক্তিমত্তার মহড়ায় ব্যস্ত কিম প্রশাসন।

এর ধারাবাহিকতায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ৫০টি অত্যাধুনিক রকেট লঞ্চার উন্মোচন করছে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি'র দাবি, ৬০০ মিলিমিটার-ক্যালিবারের এই রকেট লঞ্চারগুলো শক্তির দিক থেকে টেক্কা দিতে পারে যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে।

চমকের এখানেই শেষ নয়, উন্মোচনের সময় রকেট লঞ্চারের স্টেয়ারিং হুইল ধরেছিলেন উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উন। কিম দাবি করেছেন, এআই প্রযুক্তি এবং হাইব্রিড গাইডেন্স সিস্টেম থাকায় নির্ভুলভাবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বিশ্লেষকরা মনে করেন, কৌশলগত মিশন অর্থাৎ পারমাণবিক আক্রমণে বিশেষ কাজে আসবে এই লঞ্চার।

আরও পড়ুন:

তবে ৬০০ মিলিমিটারের এই রকেট লঞ্চারের উন্মোচন এবারই প্রথম নয়। ২০২২ এর শেষের দিকে একই আকার ও সক্ষমতার লঞ্চার সামনে এনেছিলেন কিম। তবে, এগুলোতে ৬টির বেশি রকেট ধারণের ক্ষমতা ছিল না।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে গিয়ে আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার আর রণকৌশলে শান দেয়ার সুযোগ পাচ্ছে পিয়ংইয়ং-এর সেনারা। ধারণা করা হচ্ছে, আসন্ন কংগ্রেসে আগামী ৫ বছরের জন্য উত্তর কোরিয়ার পররাষ্ট্র নীতি, স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগ এবং পারমাণবিক লক্ষ্য নিয়ে কথা বলবেন কিম।

এফএস