Recent event

নিত্যপণ্যে ঊর্ধ্বগতিতে নাজেহাল সিলেটের নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা

বাজার
বাজার | ছবি: এখন টিভি
0

রমজান ঘিরে বাজারে অস্থিরতায় নাজেহাল সিলেটের সাধারণ ভোক্তারা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ইফতার ও সেহেরির বাজার করতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাড়ে ভোক্তার চাপ। কিন্তু মূল্যস্ফীতির কারণে সিলেট নগরীর অনেক পরিবারই এখনো শেষ করতে পারেননি রমজানের বাজার।

শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা সেবুল বেগম। গৃহকর্মীর কাজ করে কোনোরকমে সংসার চালান তিনি। ঊর্ধ্বমূল্যের বাজারে ছয় সদস্যের পরিবারের জন্য ইফতার ও সেহেরির বাজার করা কঠিন হয়ে উঠেছে তার জন্য।

সেবুল বেগম বলেন, ‘আমার কোনো অবস্থা নেই এতো টাকা নিয়া গিয়া বাজার করার।’

শুধু সেবুল বেগমই নয়—নগরীর বেশিরভাগ নিম্ন আয়ের পরিবারের অবস্থা একই। রমজানের আগে চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপণ্য, কাঁচা সবজি, মাছ ও মাংসের বাজার বেশ চড়া। তাই ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের। ক্রেতারা জানান, দ্রব্যমূল্যেরে যে দাম এতে করে রমজানে বাজার করা অনেক কষ্টকর হয়ে পরছে।

আরও পড়ুন:

ভোক্তাদের অভিযোগ—অবৈধ মজুত ও বাজার কারসাজি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত নয়। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন,পাইকারি বাজারে যেভাবে দাম নির্ধারণ হচ্ছে, তাতে সীমিত লাভ রেখেই পণ্য বিক্রি করছেন তারা।

বিক্রেতারা জানান, অতিরিক্ত দাম হওয়ায় অনেক সময় ক্রেতাদের সঙ্গে ঝগড়া করতে হয়। আর এ সমস্যা যদি সমাধান করা না যায়, তাহলে মধ্যবিত্তদের জন্য অনেক কষ্ট হয়ে পরবে।

রমজানের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি, মজুতদারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙার তাগিদ দেন বাজার বিশ্লেষকরা।

অন্যদিকে ভোক্তা অধিকারের দাবি, বাজারে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলে কোনো ছাড় না দেয়ার কথাও জানান তারা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ‘এ পণ্যগুলো চাইলে সব সময় আমদানি করা যায় না আর সরবরাহ বৃদ্ধি করা যায় না। এ দ্রব্যমূল্য কোনোভাবে একবার বেড়ে গেলে তা আর লাগাম টেনে ধরা যায় না।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, ‘আমরা কোনোভাবে যদি খবর পাই, কেউ পণ্য মজুদ কিংবা দাম বাড়াচ্ছে; তাহলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, বাজারে বাজার অস্থিরতা কাটাতে নতুন সরকারের দৃশ্যমান পদক্ষেপের দিকেই তাকিয়ে সিলেটের সাধারণ মানুষ।

জেআর