Recent event

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বেলা ১২টার দিকে সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।

আরও পড়ুন:

এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এসময় টুকু প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে।

এসএইচ