Recent event

হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ, আহত ৩

হামলায় আহতদের চিকিৎসা চলছে
হামলায় আহতদের চিকিৎসা চলছে | ছবি: এখন টিভি
0

নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথ সভায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, তালতলা বাজারে আয়োজিত পথ সভায় আব্দুল হান্নান মাসউদের বক্তব্য চলাকালে অতর্কিতভাবে সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন:

হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদ সহ আরও একজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, ‘নির্বাচনি পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলার খবর শুনে তাৎক্ষণিক সেখানে নৌবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেট গিয়েছে। কারা এ হামলা করেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। আজকের হামলা অনেকটা চোরাগোপ্তা ভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এএইচ