Recent event

পদ্মায় নিখোঁজ শ্রমিক নেতার মরদেহ উদ্ধার ফরিদপুরে

শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নু
শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নু | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজ হওয়া শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) অর্ধগলিত মরদেহ ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

ফরিদপুর কোতোয়ালি নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ছিলেন। গেল ১৬ নভেম্বর সকালে সদর উপজেলার হাটশহরিপুর এলাকায় পদ্মা নদীতে মাছ কিনতে গিয়ে তিনি নিখোঁজ হন।

থানা সূত্রে জানা যায়, দুপুরের দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তার ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ মেলেনি। এরপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দুই দিন অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি।

আরও পড়ুন:

মৃত পরিবারের লোকজন রাতে মরদেহের ছবি দেখে শনাক্ত করেন। পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, ‘মরদেহে আঘাতের বড় কোনো চিহ্ন নেই, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, নিখোঁজের ঘটনায় আন্নুর স্ত্রী থানায় জিডি করেছিলেন এবং মরদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে।

এসএস