Recent event

‘আর্থিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছি’

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস | ছবি: এখন টিভি
0

শুধু আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধ না থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণে এ কথা বলেন। এছাড়া রাজস্ব খাত ও বাণিজ্যে দক্ষতার অগ্রগতির কথা উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি, ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, নতুন ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ও আসন্ন ডিপোজিট প্রটেকশন অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনছি। পুঁজিবাজারে সংস্কার টাস্কফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছি।’

তিনি বলেনন, ‘সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে। শুধু আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধ না থেকে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছি।’

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এখন ১৯টি সংস্থাকে একীভূত করে কাস্টমস প্রক্রিয়া সহজ করছে। দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্য আদালত গঠিত হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান-স্টপ সার্ভিস সাবলীলভাবে দেয়ার জন্য সমন্বয় কমিটি গঠন করেছে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এবং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং এফডিআই হিটম্যাপ ও জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স বিনিয়োগকারীদের কাছে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোর তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরছে।’

বাণিজ্যে দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য লজিস্টিকসেও উন্নতি ঘটছে। চট্টগ্রাম বন্দরে গত আগস্টে কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৭.৬ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে, যা দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে। এসব উদ্যোগ অর্থনৈতিক শাসনব্যবস্থাকে যেমন সুদৃঢ় করছে, তেমনি বিনিয়োগকেও নিরাপদ করছে। এসব সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।’

এসএস