Recent event

প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা: ডা. তাহের

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
3

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, এ রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে কুমিল্লার কালিবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময়ে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বিচার এখনও দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে দেশবাসী শঙ্কা পোষণ করছে। অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছিল তারা নিরপেক্ষ থাকবে, তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এর মধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা বলে আমি মনে করি। আমরা এটা হতে দেবো না। আমরা সরকার ও নির্বাচন কমিশন কে বাধ্য করবো জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন হতে হবে।’

আরও পড়ুন:

এছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর- দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করার নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম।

এসএস