Recent event

সিলেট সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

চোরাচালানি পণ্য
চোরাচালানি পণ্য | ছবি: এখন টিভি
0

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায় বুধবার (২১ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ ও ডিবিরহাওর বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা আটক করে।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেটসহ অবৈধভাবে চোরাচালানি পণ্য বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও টাটা ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন:

অভিযানে আটককৃত সব মালামালের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল সমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেজু