Recent event

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের লোগো
প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের লোগো | ছবি: এখন টিভি
2

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ (বুধবার, ৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে এ চিঠি দেয়া হয়েছে।

এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা উল্লেখ করে পত্রে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন।

বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

এর আগে আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ তারিখের মধ্যে ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন। জানান, ২০২৬ এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত দুই মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এসএস