Recent event

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ দিবস
গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ দিবস | ছবি: এখন টিভি
1

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। আজ (রোববার, ২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং জুলাইয়ের ১৬ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পরিপত্র জারির মাধ্যমে নতুন তিনটি দিবসের ঘোষণা দেয়া হয়। সেখানে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে।

আরো পড়ুন:

তবে অন্তর্বর্তী সরকার গঠনের দিন অর্থাৎ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদ জানানো হয়। এ দিবসটি পরিবর্তনের আহ্বান জানায় বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন:

এর পরই মূলত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি নিয়ে আলোচনা ওঠে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র। এমনকি আজ অফিস খোলা হলে প্রধান উপদেষ্টার দপ্তরে নতুন করে প্রস্তাব পাঠানো হতে পারেও জানা যায়।

যার ফলশ্রুতিতে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৮ আগস্ট কোনো দিবস পালন হবে না। তবে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং জুলাইয়ের ১৬ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হবে।

এনএইচ