Recent event

এনআইডির তথ্য পাচারে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে ইসি

0

এনআইডির তথ্য পাচারে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, 'এ পাঁচ প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করে নাগরিকদের তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহের প্রমাণ মিলেছে। ইসির গঠিত তদন্ত কমিটির প্রাপ্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সচিব আখতার আহমেদ বলেন, 'প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং চুক্তি বাতিল করা হবে না এ মর্মে চিঠি দেয়া হয়েছে।'

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

আখতার আহমেদ বলেন, ‘এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছেকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে শাস্তিযোগ্য অপরাধ।’

১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের সেবা নেয় বলে জানিয়েছেন ইসি সচিব।

সেজু