Recent event

সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না: বিজিবির উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

0

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, 'সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।'

বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে হবে।'

উপদেষ্টা আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।' বিজিবি'কে আইন অনুযায়ী কাজ করতে হবে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, 'সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব।' 

তিনি এসময় বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী-সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে বিজিবির সকল রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

—সংবাদ বিজ্ঞপ্তি

সেজু