ডিজেল সংকটে বিপাকে ধামরাইয়ের কৃষক, ব্যাহত সেচ

ধান খেত
ধান খেত | ছবি: এখন টিভি
0

ডিজেল সংকটে বিপাকে পড়েছেন ধামরাইয়ের কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, আর বাড়ছে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। যদিও কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদারকি জোরদার করা হয়েছে।

সবুজে মোড়া ধামরাইয়ের মাঠ। বাতাসে দুলছে কচি বোরো ধান, যেন এক শান্তির ছবি। কিন্তু এ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কৃষকদের গভীর উদ্বেগ।

বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার প্রভাব এসে পড়েছে স্থানীয় কৃষিতে। ডিজেলের অভাবে অনেক জায়গায় বন্ধ হয়ে আছে সেচযন্ত্র। প্রয়োজনমতো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ফসলি জমি।

আরও পড়ুন:

ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের জন্য কৃষকদের দীর্ঘ সারি যেন সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে। সেচ মৌসুমের মাঝপথে জ্বালানির অভাবে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

কৃষকরা জানান, পানির অভাবে তাদের জমির মাটি ফেটে যাচ্ছে। ফলে এ বছর তাদের উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন তারা। আগে তারা জমিতে ১ দিন পর পর পানি দিলেও এখন তারা ৪ থেকে ৫ দিন পর পর পানি দিচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ধামরাইয়ের বেশিরভাগ সেচ ব্যবস্থা বিদ্যুৎনির্ভর হওয়ায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কম। তবুও সংকট নিরসনে নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘আমরা সেচ মালিকদের নিয়ে বসেছি। আমরা আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। কোনো সমস্যা হলে আমরা দ্রুত রিকভারির চেষ্টা করবো।’

চলতি মৌসুমে ধামরাইয়ে প্রায় ১৬ হাজার ৯৯৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই বিপুল উৎপাদন নিশ্চিত করতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চাষিরা।

এফএস