২০২৬ বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালে হারবে আর্জেন্টিনা: অপ্টা সুপারকম্পিউটার

অপ্টা সুপার কম্পিউটার
অপ্টা সুপার কম্পিউটার | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টিনা না, ২০২৬ বিশ্বকাপের শিরোপার তারা শোভা পাবে স্পেনের জার্সিতে। ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের উল্লাস হবে মাদ্রিদ, সেভিল, বার্সেলোনার রাস্তায়। ফুটবলের ডেটা বিশ্লেষণী সংস্থা অপ্টা তাদের সুপারকম্পিউটারের গণনা থেকে এমন তথ্যই এনেছে সামনে।

ক্যারিয়ারে ৭ ফাইনালের শুরুর ৪টিতেই হেরেছিলেন লিওনেল মেসি। হতাশা থেকে নিয়েছিলেন অবসরও। তবে, কোভিড পরবর্তী পৃথিবীতে মেসির ভাগ্য যেন একেবারেই ভিন্ন। ৩ ফাইনালের ৩টিতেই জিতে ক্যারিয়ারের সব নেতিবাচক মন্তব্যকেই উড়িয়ে দিয়েছেন। ৮ম ফাইনাল হিসেবে রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামছেন মেসি। সুযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের।

সব প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বিশ্বকাপের ফাইনালে এসেছে আলবিসেলেস্তেরা। তবে, একাধিক ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লেখা আর্জেন্টিনাকে ফাইনালে ফেভারিট মানতে নারাজ ফুটবলের পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান অপ্টা। তাদের সুপারকম্পিউটারের ২৫ হাজার গণনা অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালে হারতে হচ্ছে লিওনেল মেসির দলকে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন জিতবে এমন সম্ভাবনা ৫৯.৬ শতাংশ ক্ষেত্রে। বিপরীতে আর্জেন্টিনা শিরোপা জিতবে সেই সম্ভাবনা দেখানো হয়েছে ৪০.৪ শতাংশ। সুপার কম্পিউটারের গণনা অনুযায়ী, ২৯ শতাংশ সম্ভাবনা আছে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার। আর ৯০ মিনিটের মাঝে স্পেন জিতবে সেই সম্ভাবনা ৪৫ শতাংশ। আর্জেন্টিনার জন্য সেটা মাত্র ২৬ শতাংশ।

স্পেন এবং আর্জেন্টিনার অতীত রেকর্ড অবশ্য সমানে সমান। দুই দলের ১৪ দেখায় ৬টি করে জয় আছে দুই দলেরই। আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। সুপারকম্পিউটারের গণনা ঠিক থাকলে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টা পেতে যাচ্ছে স্পেন।

ইএ