কোয়ার্টারের আগে অনুশীলনে আর্জেন্টিনা; মেসিসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন বিশ্রামে

আলবিসেলেস্তেদের অনুশীলন
আলবিসেলেস্তেদের অনুশীলন | ছবি: রয়টার্স
0

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে গতকাল (বুধবার, ৮ জুলাই) অনুশীলন করেছে আর্জেন্টিনা। এ দিন অনুশীলন না করে সাইডলাইনে ছিলেন লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন সদস্য। মূলত ফুটবলারদের শারীরিক চাপ কমাতে মেসিসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতে আগের ম্যাচের রেশ না কাটতেই অনুশীলনে নেমে পড়েছে আকাশী-নীল শিবির।

কানসাস সিটিতে বুধবার আর্জেন্টিনার অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিলো। দলের সঙ্গে উপস্থিত থাকলেও অনুশীলনে অংশ নেননি অধিনায়ক ও আসরের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। অবশ্য এদিন বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে।

আরও পড়ুন:

শুধু মেসি নন, দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারও এদিন পূর্ণ অনুশীলনে অংশ নেননি। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজসহ প্রথম একাদশের কয়েকজন খেলোয়াড়কে মাঠের বাইরে থেকেই অনুশীলন পর্যবেক্ষণ করতে দেখা যায়। অনুশীলনের ফাঁকে সাইডলাইন থেকে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন তারা।

মূলত সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ লিওনেল স্কালোনি। তাদের ফিট রাখাই কোচিং স্টাফের প্রধান লক্ষ্য।

এ দিন অবশ্য বেশ গম্ভীর ছিলেন স্কালোনি। নকআউটের দু’টি ম্যাচেই বেশ কষ্ট করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। সুইজারল্যান্ডের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হতে পারে আলবিসেলেস্তেদের। অনুশীলনে শিষ্যদের নিয়ে নানা পরিকল্পনা সাজাতেই ব্যস্ত ছিলেন তিনি।

এসএইচ