বিশ্বকাপে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা আটে পৌঁছে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে ১৯৩০ সালের বিশ্বকাপে গুইলার্মো স্তাবিলের পর এক আসরে আর্জেন্টিনার হয়ে আট গোল করার কীর্তি গড়লেন তিনি।
শুধু গোলেই নয়, অ্যাসিস্টেও নতুন ইতিহাস লিখেছেন মেসি। ক্রিস্টিয়ান রোমেরোকে গোল করিয়ে বিশ্বকাপে নিজের অ্যাসিস্টের সংখ্যা দাঁড় করিয়েছেন নয়টিতে। এর মাধ্যমে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। একই সঙ্গে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করার অনন্য নজিরও গড়েছেন তিনি।
আরও পড়ুন:
আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি ছিল বিশ্বকাপে মেসির ২১তম গোল। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুই গোল এগিয়ে আছেন তিনি।
তবে রেকর্ডের দিনে ছিল হতাশাও। গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও শেষ ষোলোয় মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক আসরে টাইব্রেকার বাদে দুটি পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিই মিস করেছেন আর্জেন্টাইন মহাতারকা। রেকর্ড, গোল, অ্যাসিস্ট সব মিলিয়ে বিশ্বকাপে আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল আন্দ্রেস মেসি।




