রোনালদো নাজারিওর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতেছিলো ব্রাজিল। ২০০২ সালের সেই আসরের পর গেল পাঁচ বিশ্বকাপে আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। লাতিন আমেরিকার দলটির হেক্সা স্বপ্ন পূরণে প্রতিবারই বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপিয়ানরা।
কার্লোস আলবার্তো পেরেইরার অধীনে শক্তিশালী স্কোয়াড নিয়ে ২০০৬ বিশ্বকাপে খেলতে যায় ব্রাজিল। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পায় সেলেসাওরা। দ্বিতীয় রাউন্ডে হারায় ঘানাকে।
তবে কোয়ার্টার ফাইনালে থিয়েরি অঁরির একমাত্র গোলে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় রোনালদিনহো-কাফুদের। পরের আসরেও কোয়ার্টার ফাইনালে হারে ব্রাজিল। এবার সেলেসাওদের দুঃখের কারণ ইউরোপিয়ান দল নেদারল্যান্ডস।
আরও পড়ুন:
২০১৪ সালে ঘরের মাঠে হেক্সা পূরণের পথে দারুণভাবেই এগোচ্ছিল ব্রাজিল। নক আউটে চিলি ও কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে লুইস ফেলিপে সোলারির দল।
এরপরই আসে বেলো হরিজন্তের দুঃস্বপ্ন। জার্মানির কাছে ৭-১ গোলের হার ব্রাজিলের ফুটবল ইতিহাসেরই এক কালো অধ্যায়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচেও নেদারল্যান্ডসের কাছে হেরে যায় সেলেসাওরা।
২০১৮ ও ২০২২— দুই আসরেই কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ এবং কাতারে ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ, শেষবার বিশ্বকাপ জয়ের পর গেলো পাঁচ আসরের প্রতিবারই নকআউটে ইউরোপিয়ান দলের কাছে হেরেছে হলুদ-নীল শিবির।
চলতি আসরে নকআউটের প্রথম ম্যাচে জাপানকে হারানোর পর এবার ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের দল নরওয়ে। গেলো পাঁচ আসরের দুঃস্বপ্নের পুনরাবৃত্তি নাকি নতুন গল্পের জন্ম—এই ম্যাচে এখন সেই উত্তরের অপেক্ষায় ভক্তরা।




