জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু। নক আউটের যুদ্ধে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ১৬ দল। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে রাউন্ড অব সিক্সটিনের লাইন আপও।
বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডার ম্যাচ দিয়েই শুরু হবে শেষ ষোলোর লড়াই। লে রুজদের প্রতিপক্ষ গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসে উড়তে থাকা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে বর্তমান রানার্স আপ ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল লড়বে আর্লিং হালান্ডের নরওয়ের বিরুদ্ধে। বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড।
রাউন্ড অব সিক্সটিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে লড়বে পর্তুগাল ও স্পেন। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা রোনালদোর বিপক্ষে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের লড়াই দেখতে মুখিয়ে থাকবে বিশ্ব। বিশ্বকাপের আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনালের স্বপ্নে প্রতিপক্ষ বেলজিয়াম।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মিশরকে। রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে খেলবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।





