গ্রুপ পর্বে ইরাক ও নরওয়েকে হারানোর পর রাউন্ড অব থার্টি টুতে সুইডেনকে হারিয়েছে ফ্রান্স। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফরাসীদের শেষ ষোলোর লড়াইয়ে চ্যালেঞ্জ জানাতে নামছে প্যারাগুয়ে। এই লড়াই ফিরিয়ে আনছে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতি। সেবার রাউন্ড অব সিক্সটিনে অতিরিক্ত সময়ে ১১৪তম মিনিটে লরাঁ ব্লাঁর গোল্ডেন গোলে জয় পেয়েছিল ফ্রান্স।
ফ্রান্স শিবিরে নেই বড় কোনো ইনজুরি। আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকবেন উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা এবং মাইকেল ওলিসে। এবারের বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন এমবাপ্পে। অন্যদিকে আর একটি অ্যাসিস্ট করলেই এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়বেন ওলিসে।
বিপরীতে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনই ঘটিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে গুস্তাভো আলফারোর শিষ্যরা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে প্যারাগুয়ে দলে বড় স্বস্তি নিষেধাজ্ঞা কাটিয়ে মিডফিল্ডার দিয়েগো গোমেজের ফেরা।
এই ম্যাচের আগে পরিসংখ্যান কথা বলছে ফ্রান্সের পক্ষে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে তারা। অন্যদিকে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে মাত্র দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পেয়েছে প্যারাগুয়ে। জায়ান্ট-কিলিংয়ের গল্পে আজ নতুন অধ্যায় যোগ করতে চাইবে আলফারোর দল।





