অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বলের দখল আর আক্রমণে আধিপত্য ছিলো স্পেনের। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় অস্ট্রিয়ার রক্ষণভাগ। তবে কাঙ্ক্ষিত গোল আসে ৩৬ মিনিটে। বাম প্রান্ত থেকে মার্ক কুকুরেলার দারুণ ক্রসে এক স্পর্শে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। মাঝমাঠের দখল ধরে রেখে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি তারা। এরই ধারাবাহিকতায় ৬৬তম মিনিটে বোয়েনোর নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। দুই গোলের লিডে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পেন।
আরও পড়ুন:
তবে এখানেই থামেনি লা রোহা। ম্যাচের শেষ মুহূর্তেও একই গতিতে আক্রমণ চালিয়ে যায় তারা। ৮৯ মিনিটে আবারও জ্বলে ওঠেন কুকুরেলা। তার দারুণ পাস ধরে রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়ারজাবাল। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে স্পেনের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।
কুকুরেলা ও ওয়ারজাবালের বোঝাপড়া ছিলো পুরো ম্যাচের অন্যতম আকর্ষণ। একজন তৈরি করেছেন সুযোগ, অন্যজন নিখুঁত ফিনিশিংয়ে সেটিকে রূপ দিয়েছেন গোলে। আর তাদের দুর্দান্ত সমন্বয়েই সহজ জয় তুলে নেয় স্পেন। দাপুটে জয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন।
আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল ইউরোপের এই পরাশক্তিরা।




