রাউন্ড অব ৩২: অনুশীলনে আর্জেন্টিনা, ইতিহাস গড়ার লক্ষ্যে উজ্জীবিত কেপ ভার্দে

ভোজিনিয়া ও লিওনেল মেসি
ভোজিনিয়া ও লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াই সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। একদিকে পূর্ণশক্তির দল নিয়ে অনুশীলনে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে উজ্জীবিত নবাগত কেপ ভার্দে। এমনকি দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসও বিশ্বাস করেন, মেসিদের হারিয়ে আরও একটি বড় অঘটন ঘটাতে পারে ব্লু শার্কস।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর নবাগত কেপ ভার্দে। ইতোমধ্যেই জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তির বিদায়ে জমে উঠেছে নকআউট পর্ব। এবার লিওনেল মেসিদের বিদায় করে আরও এক অঘটন ঘটাতে চায় বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দলটি।

ম্যাচের আগে কানসাস সিটির বেস ক্যাম্পে পূর্ণশক্তির দল নিয়েই অনুশীলন করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ কয়েকজনকে বিশ্রাম দিলেও নকআউটে আর কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। মেসি, হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের নিয়ে আক্রমণাত্মক পরিকল্পনাতেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতেই কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে টাম্পায় অনুশীলনে নিজেদের শক্তিশালী রক্ষণ ও দলীয় বোঝাপড়ার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে কেপ ভার্দে। অধিনায়ক রায়ান মেন্ডেস, গোলরক্ষক ভোজিনহা ও ফরোয়ার্ড গিলসন তাভারেসদের নিয়ে নিবিড় প্রস্তুতি সেরেছে ব্লু শার্কস। এক বিশ্বকাপ জয়ী স্পেনের পর দুই বিশ্বকাপ জয়ী উরুগুয়েকে রুখে দেয়া দলটির লক্ষ্য এবার তিন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে বধ করা।

দলের ওপর পূর্ণ আস্থা রেখেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে আরও একটি রূপকথার জন্ম দিবে ব্লু শার্কস। ছোট দেশ হলেও বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপে এসেছে কেপ ভার্দে, আর সেই স্বপ্নের পরের ধাপ বিশ্বচ্যাম্পিয়নদের হারানো।

আক্রমণে মেসিদের ব্যক্তিগত নৈপুণ্য যেমন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, তেমনি কেপ ভার্দের ভরসা তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, লড়াকু মানসিকতা এবং গোলরক্ষক ভোজিনহার দৃঢ়তা। বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় মায়ামিতে মুখোমুখি হবে দুই দল।

ইএ