পর্তুগাল শিবিরে অন্তর্কোন্দলের গুঞ্জন; সমালোচনা এড়ানোর চেষ্টা খেলোয়াড়দের

অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালের অন্যান্য খেলোয়াড়রা
অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালের অন্যান্য খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

‘রোনালদোকে পাস দিতে দলের কেউ বাধ্য নয়’— পর্তুগাল শিবিরে অন্তর্কোন্দলের গুঞ্জনের মাঝেই এবার এমন মন্তব্য করলেন দলটির ফরোয়ার্ড কনসসাও। দলের ব্যাপারে নয়, বরং সংবাদ সম্মেলনে রোনালদো ইস্যুতে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন পর্তুগিজ তারকারা।

রক্ত-মাংসের মানুষ সে, ঈশ্বর নয়; যদিও তাকে সম্মান দিতে হয়, ঐশ্বরিক মানদণ্ডে। পর্তুগালের খেলোয়াড়দের একের পর এক প্রেস কনফারেন্স দেখলে এমনটাই মনে হতে পারে যে কারোরই।

রুবেন দিয়াজ, ফ্রান্সিসকো কন্সেকাও কিংবা দিয়েগো দালোতরা বারবারই যেন সমালোচনা থেকে রক্ষা করতে চাইলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকাকে পাস দেয়া উচিত কি না কিংবা দলের ভেতরের সমস্যা থেকে রোনালদোকে আলাদা করতে চেয়েও যেন ব্যর্থ হয়েছেন বারবার।

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে রোনালদোকে পাস দেয়া কিংবা তার বাজে পারফর্ম্যান্সের পর অনেক কথাই চাউর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ কিংবা হোয়াও নেভেসের ওপর চড়াও হয়েছেন রোনালদোর ভক্তরা। তবে এ সবকিছু পাশ কাটিয়ে খেলার দিকে মনোযোগ দেয়ার চেষ্টা পর্তুগাল দলের।

পর্তুগাল দলের ডিফেন্ডার দিয়েগো দালোত বলেন, ‘এমন অনেক বিষয় আছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। অবশ্যই আমরা সেসব বিষয় আমলে নিয়েছি। কারণ আমরাই সবার আগে নিজেদের ভুল ধরতে চাই। আমরাই মাঠে খেলি। আমরাই সবার আগে পার্থক্য গড়ে দিতে চাই। তবে আমি আবার বলছি, একটা দল হিসেবে আমরা বেশ ভালো, শক্তিশালী এবং একতাবদ্ধ। আর আমরা জানি, পরের ম্যাচ জিততে হলে কী করতে হবে।’

আরও পড়ুন:

দিয়েগো দালোতের কণ্ঠে স্বস্তি ঝরলেও কিছুটা ব্যতিক্রমী সুর উইঙ্গার ফ্রান্সিসকো কন্সেসাওয়ের। রোনালদোকে দলের কেউই পাস দিতে বাধ্য নন বলে মন্তব্য করেছেন য়্যুভেন্তাসের এই উইঙ্গার। এমনকি সুবিধাজনক অবস্থানে কোনো খেলোয়াড় থাকলে রোনালদোকে পাস দেয়ার দরকার নেই বলেও মন্তব্য করেছেন কন্সেসাও।

অবশ্য রোনালদো নিজের অভিজ্ঞতা দিয়েই এসব সমালোচনার জবাব দেবেন এমন বিশ্বাসও রাখতে চান দলের সতীর্থরা।

দিয়েগো দালোত বলেন, ‘আমার মনে হয়, ক্রিস্টিয়ানো কীভাবে সমালোচনাকে সামাল দেয়, সেটা সবারই জানা। জাতীয় দল সে ২০ বছরের বেশি সময় ধরে খেলছে। আমি বলবো, সে আমাদের দলকে যা দিয়েছে বা আমাদের মধ্যে যে প্রেরণা সঞ্চার করেছে..অবশ্যই সমালোচনার মুখে আত্মবিশ্বাস সেটার অন্তর্ভুক্ত। বিশেষ করে, যে মানের খেলার সুযোগ আমরা পাই, সেটার সাপেক্ষে।’

এতসব বিতর্ক আর সমালোচনার মাঝে রোনালদোকে নিয়েই পর্তুগালকে দেখা যাবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে। প্রথম ম্যাচে ড্র-তে শুরুর পর এই ম্যাচে জয়ের ভাবনাটাই বেশি ভাবতে হবে ‘সেলেসাও দাস কুইনাস’দের।

এসএইচ