ভিন্ন ম্যাচে মাঠে নামছে জার্মানি-জাপান, ছাড় দিতে রাজি নয় প্রতিপক্ষ দল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে পরের রাউন্ড নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে জার্মানি ও জাপান। তবে ছেড়ে কথা বলতে চায় না অপেক্ষাকৃত দুর্বল দল তিউনিসিয়া ও আইভরি কোস্ট।

গ্রুপ 'ই` এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে শনিবার রাত দুইটায় টরন্টোর বিএমও ফিল্ডে মুখোমুখি হবে জার্মানি ও আইভরি কোস্ট। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ছন্দে আছে জার্মানরা। অন্যদিকে ইকুয়েডরকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আইভরি কোস্ট।

এক ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে খেলা জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিৎজ এবং কাই হাভার্টজদের আক্রমণভাগের গতি ও সৃজনশীলতাই জার্মানদের মূল শক্তি। এই ম্যাচে নিজের পিতৃভূমির বিপক্ষে মাঠে নামছেন জার্মানির ডিফেন্ডার জোনাথন তাহ। বিষয়টিকে স্পেশাল মানছেন তিনি।

জার্মানি ডিফেন্ডার জোনাথন তাহ বলেন, আমি এখন পুরো মনোযোগ দিচ্ছি বিশ্বকাপ এবং আমাদের লক্ষ্য পূরণের দিকে। তারপরও বলতে হবে, আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি অন্য যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার চেয়ে আমার কাছে অনেক বেশি বিশেষ।

অন্যদিকে মিডফিল্ডে ফ্রাঙ্ক কেসি, আক্রমণে আমাদ দিয়ালো ও নিকোলা পেপেদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে উঠতে চায় আইভারি কোস্ট। ফিফা র‌্যাংকিয়ের ৩২ নম্বরে থাকা দলটির প্রধান কোচ কড়া হুমকি দিয়েছে ফিফা র‌্যাংকিয়ে ৯ এ থাকা জার্মানিকে।

আইভারি কোস্টের প্রধান কোচ এমারসে ফায়ে বলেন, আমরা এখানে জার্মানির খেলা দেখতে আসিনি। আমরা এসেছি তাদের হারাতে। আমরা এসেছি দ্বিতীয় রাউন্ডে সরাসরি জায়গা নিশ্চিত করতে।

পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে রোববার সকাল ১০টায় মেক্সিকোর এস্তাদিও মন্তেরেতে তিউনিশিয়ার মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তি জাপান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের দুর্দান্ত ম্যাচে ড্র করে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় ব্লু সামুরাইরা। গ্রুপ এফ এ সুইডেন, নেদারল্যান্ডসের সাথে তুমুল লড়াই করছে দলটি।

ইএ